November 19, 2026, 9:34 pm

News Headline :
মুলাদীতে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত তিন পরিবার পেল এলএ চেক, জমির দখল হস্তান্তর ঝালকাঠি বিএনপি কার্যালয়ে আগুন বরিশালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত একাধিক। বরিশাল নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে বিএমপির ডমিনেশন পেট্রোলিং জোরদার, পুলিশের বিশেষ অভিযান ও টহল বৃদ্ধি ভান্ডারিয়ায় বাসে আগুন, পুড়ে মারা গেলেন বাবুগঞ্জের সিয়াম আওয়ামী লীগবিরোধী মিছিলে অতর্কিত হামলা, বিএনপির ২ নেতা নিহত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার। দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি : স্পিকার দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে

জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার।

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। এ সময় ৭টি বিদেশি পিস্তল, ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ৭৬১ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— শাহে আলম (৫০), বি.এম. আমীন ইবনে ফারুক ওরফে শাথিল আহমেদ বিশ্বাস (৫৪) এবং মোঃ রবিউল বেপারী (৩৫)। তারা সবাই গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় তথ্য ও গণমাধ্যম সূত্রে জানা যায়, ঝালকাঠির আলোচিত ব্যবসায়ী ও কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি মোহাম্মদ শামীম আহমেদ ওরফে জর্দা শামীমের অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব ও রামপুরা থানা এবং ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য ও ভাঙচুর আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত ৬ মে ২০২৬ তারিখ রাতে রংপুর সদর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৮-এর প্রাথমিক তদন্ত ও গোয়েন্দা নজরদারিতে জানা যায়, জর্দা শামীম গ্রেফতারের পর তার কাছে থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরিয়ে গৌরনদীতে অবস্থিত তার মালিকানাধীন ‘শাহী ৯৯ পার্কে’ নিয়ে আসা হয়। পরবর্তীতে তার ব্যক্তিগত সহকারী শাহে আলম ও শ্যালক শাথিল আহমেদ বিশ্বাসের সহযোগিতায় এসব অস্ত্র ও গোলাবারুদ গোপনে সংরক্ষণ ও ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করা হয়। এ কাজে ভ্যানচালক রবিউল বেপারীকে ভয়ভীতি প্রদর্শন করে তার বসতবাড়িতে অস্ত্র ও গোলাবারুদ রাখতে বাধ্য করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।

এসআরবি-৮-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাটাজোর এলাকার একটি বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বসতবাড়িতে অবস্থানরত ০৩ ব্যক্তি পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাদের আটক করে। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪টি বিদেশি পিস্তল, ৩টি রিভলবার ও ১টি এয়ারগানসহ মোট ৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

এ ছাড়া ৩৩টি পিস্তল ম্যাগাজিন, ২ হাজার ২৮২ রাউন্ড পিস্তল ও রিভলবারের কার্তুজ, ৩১২ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১৬৭ রাউন্ড এয়ারগানের কার্তুজসহ সর্বমোট ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ০১টি ম্যাগাজিন আনলোডার, ০৩টি ম্যাগাজিন স্প্রিং, পিস্তলের ০৭টি ক্ষুদ্র ভাঙা অংশ, ০৩টি মোবাইল ফোন এবং আলামত রাখার ১০টি ব্যাগ।

উদ্ধারকৃত আলামত ও ধৃত অভিযুক্তদেরকে হেফাজতে নিয়ে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করতঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বরিশাল জেলার গৌরনদী থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের উৎস, ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি এবং এসব অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এসআরবি-৮ এর ছায়া তদন্ত অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *