ভান্ডারিয়ায় বাসে আগুন, পুড়ে মারা গেলেন বাবুগঞ্জের সিয়াম

ভান্ডারিয়ায় বাসে আগুন, পুড়ে মারা গেলেন বাবুগঞ্জের সিয়াম

পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন মো. সিয়াম (২৫) নামে এক বাসের হেলপার। নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা। তিনি স্বপন হাওলাদারের ছেলে।

বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় ‘বাহক’ পরিবহনের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বাস থেকে বের হতে পারেননি। পরে আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। গাড়িতে থাকা পানির মজুত শেষ হয়ে গেলে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নেভানো হয়।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান জানান, ভান্ডারিয়া একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হওয়ায় বাসস্ট্যান্ডের আশপাশে অনেক বাস অবস্থান করে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার আশঙ্কায় আগের রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আশপাশের বাসগুলো কালেমা চত্বরে সরিয়ে নেওয়া হয়েছিল। এরপরও সেখানে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের টহল থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর একটি বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
এদিকে, বাবুগঞ্জের ইদিলকাঠি গ্রামের যুবক সিয়ামের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *