নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের আওয়ামী লীগ বিরোধী মিছিলে অতর্কিত হামলার ঘটনায় দুই নেতা নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন মোল্লা (৪৫) এবং বিএনপি নেতা সোহেল শেখ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলার বেন্দারচর গ্রামের বটতলা মোড়ে পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে সোহেল ও শাহীন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইদ্রিস আলী হামলা ও দুই নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply